অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:১২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৫:৪৭:৩২ অপরাহ্ন
দেশে জ্বালানি তেল নিয়ে বিরাজমান অস্থির পরিস্থিতির মধ্যে অর্ধশত গাড়ি নিয়ে নির্বাচনী শোডাউন করে ব্যাপক সমালোচনার মুখে পড়া নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা শাখার অধীনস্থ গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, রোববার (১২ এপ্রিল) বিকেলে মাসুদ রানা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে প্রায় অর্ধশত গাড়ির একটি বহর নিয়ে গুরুদাসপুর উপজেলায় শোডাউন করেন। দেশে চলমান তীব্র জ্বালানি সংকট ও সরকারের সাশ্রয়ী নীতির বিপরীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল পুড়িয়ে এমন শোডাউনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। 

এই ঘটনার পরদিন সাংগঠনিক ভাবমূর্তি রক্ষায় ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাসুদ রানার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :