নারী সেনাপ্রধান নিয়োগ দিয়ে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:১১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:১৩:০৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়া প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েলকে নতুন চিফ অব আর্মি হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী জুলাই থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্ব পালন করা সুসান কয়েল লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘জুলাই থেকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আমরা একজন নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি।’

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ অর্জন অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে কর্মরত নারীদের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে সহায়ক হবে।

৫৫ বছর বয়সী সুসান কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। তিনিই হবেন অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর যেকোনো সার্ভিস শাখার নেতৃত্বদানকারী প্রথম নারী।

বর্তমানে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ এবং ঊর্ধ্বতন নেতৃত্বের পদে তাদের হার ১৮.৫ শতাংশ। সংস্থাটি ২০৩০ সালের মধ্যে নারীদের অংশগ্রহণ ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :