জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ১১:১৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ১১:১৮:৪৮ পূর্বাহ্ন
সারাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে তার এ আয়োজন। সরকারের জ্বালানি সাশ্রয় নীতির বিপরীতে বিপুল পরিমাণ তেল পুড়িয়ে এমন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকারের একটি বিশাল বহর বের হয়। বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এ সময় তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই তিনি এই গাড়ি বহরের আয়োজন করেন। দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন সাশ্রয়ী নীতি মেনে চলছে। অথচ, এমন সংকটময় সময়ে ছাত্রদল নেতার এমন কর্মকান্ড সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামাণিক জানান, জ্বালানি সংকট শুরু হওয়ার আগেই শোডাউনে অংশ নেয়া গাড়িগুলোকে এডভান্স করা ছিলো। এটা ঈদের আগে রোজার মাসে করার কথা ছিলো। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। ঈদের পরে গাড়ি চালকদের ভাড়ার চাপ কম থাকায় তারাও বলছিল এখন প্রোগ্রামটা করলে তাদের জন্যও ভালো হয়। সে কারণেই আজকে প্রোগ্রামটা করা। তাছাড়া শোডাউনে বেশিরভাগই এলপিজি ও সিএনজি চালিত গাড়ি ছিলো বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানান, বিষয়টি আমিও দেখেছি। দেখে আমি তাকে কল দিয়েছিলাম সে কল ধরে নাই। বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতিতে যেখানে প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহার করছেন না। সেখানে এতোগুলো গাড়ি ব্যবহার করা এটি নিসন্দেহে অন্যায় হয়েছে। আমরা কেন্দ্রকে বিষয়টি অবগত করব। কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া গেলে অবশ্যই তা নেয়া হবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জানান, সংকটকালীন সময়ে সরকারি দল বা যারা দায়িত্বশীল জায়গায় আছে সংকট উত্তরণে তাদের সবার আগে এগিয়ে আসা বা কাজ করা উচিত। সেখানে ছাত্রদল নেতা যেটা করেছে সেটা একদমই কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে। তিনি আরও জানান, স্থানীয় মিডিয়াকে ডেকে এ ধরনের কার্যক্রম লাইভ সম্প্রচার করা হয়েছে, যা অন্যদেরও একই ধরনের কাজে উৎসাহিত করতে পারে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :