বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১১:১৯:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১২:২১:০১ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

বগুড়া-৬ (সদর)
আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী ও ডগ স্কোয়াড।

মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, ভোটের আগে, ভোটের দিন এবং পরবর্তী সময়ে বিজিবি সদস্যরা টহলসহ নিরাপত্তা নিশ্চিত করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী)
শ্রীবরদী-ঝিনাইগাতী এই আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী)’র প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে এবং ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি, গুরুত্বপূর্ণ ৩২টি এবং সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ৬৯টি।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকর্তা। নিরাপত্তা জোরদারে ১৬ প্লাটুন বিজিবি র‌্যাবের মোট ১৪টি টিম, পুলিশের ২৬টি মোবাইল টিম, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষক, দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির তিনজন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সেনাবাহিনীর কয়েকটি টিম মাঠে থাকবে। প্রতি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য ও ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে শেরপুর-৩ আসনে প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত হয়। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :