ড্রোন প্রযুক্তির মাধম্যে সার-কীটনাশক প্রদানে সফলতা

কৃষিতে নতুন যুগের সূচনা

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০২:১১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০২:১১:৩৯ অপরাহ্ন
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ড্রোনভিত্তিক কৃষি কার্যক্রমের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে ইউরিয়া সার স্প্রে করে দেখানো হয়, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যবস্থায় নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি উন্মুক্ত কৃষিজমিতে আয়োজিত এ প্রদর্শনীতে দেখানো হয়, কীভাবে স্বল্প সময়ে ও কম খরচে ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ করা যায়। একদিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক এবং যশোর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. রাজিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসেন খান। এছাড়া উইগ্রো প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার মো. মাহমুদুর রহমান এবং হেড অব বিজনেস এক্সপানশন অ্যান্ড স্ট্র্যাটেজি শাকিল আহমেদ শুভ।

উইগ্রো কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগ তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দেশের কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া। এর মাধ্যমে কৃষিকাজ আরও সহজ, দ্রুত ও লাভজনক হবে বলে তারা আশাবাদী। প্রকল্পে সহযোগিতার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-কে ধন্যবাদ জানানো হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :