যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: ত্রাণমন্ত্রী

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৫:৫৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৫:৫৭:২৬ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা নেতিবাচক চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তবে এই চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনকল্যাণে এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। 

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

আসাদুল হাবিব দুলু বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ বাড়ছে। বিভিন্ন জায়গায় জ্বালানি সংকটও দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই জনগণের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 

ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করছে এবং একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

এ সময় লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক ও জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :