​হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব নিয়ে গবেষণায় গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৭:৫১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৮:৫৮:৫৩ অপরাহ্ন
বাংলাদেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব নতুন কোনো ধরনের ভাইরাস মিউটেশনের জন্য হচ্ছে কি না, তা জানতে গবেষণার উপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে টিকাদান কর্মসূচি জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপও করেছেন তাঁরা। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে “হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয়” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দেশের প্রখ্যাত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। তাঁরা টিকাদান কর্মসূচির জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, মাঠপর্যায়ে কার্যকর নজরদারি ও দ্রুত ব্যবস্থার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। 

টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে একজন বক্তা দাবি করেন, ক্রয়সংক্রান্ত জটিলতার কারণে যদি আজ হামের প্রাদুর্ভাব এতো বৃদ্ধি পায় এবং তা যদি শিশুমৃত্যুর কারণ হয়ে থাকে- তবে এর সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। একইসাথে অতিথিরা টিকাদান কর্মসূচির সাথে জড়িত স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হানিফ, ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম, দৈনিক বাংলা ভিশনের প্রধান সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, গবেষক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা, বিএমইউর শিশু রোগ বিভাগের ডীন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. তৌহিদ ইসলাম, বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, বিএমইউর এনেস্থিসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, ইপিআই-এর সাবেক প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. তাজুল ইসলাম এ. বারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অফিসার মো. আরিফুর রহমান, দৈনিক কালবেলার হেলথ এডিটর রাশেদ রাব্বি, ইউনিসেফের প্রতিনিধি ডা. হাসানুজ্জামান, জাহিদ শাহেদ, প্রথম আলোর সাংবাদিক শিশির মোড়ল, সুস্বাস্থ্যের বাংলাদেশের সদস্য সচিব ডা. শামীম তালুকদার এবং অধ্যাপক ডা. সাকলায়েন রাসেলসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশে হামের এই প্রাদুর্ভাব নতুন কোনো ধরনের ভাইরাস মিউটেশনের জন্য হচ্ছে কিনা সে জন্য গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন। একইসাথে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াকে ব্যবহার করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় তার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় বর্তমান এই পরিস্থিতি মোকাবেলায় ও ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধ করার জন্য। অনুষ্ঠান শেষে আলোচনার মূল বিষয়বস্তু ও সুপারিশসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারকে অবহিত করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

বৈঠকে অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :