​ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন
ফুটবলের আক্ষেপ ঘুচল আর্চারিতে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের কাছে ফুটবল মাঠের হারের পর আজ আর্চারি টুর্নামেন্টে সেই ভিয়েতনামকেই হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ কম্পাউন্ড দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের কম্পাউন্ড দল ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারায়। ৬ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক নিজেদের করে নেন বাংলাদেশি আর্চাররা। দলের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ।

দলের সামগ্রিক গড় স্কোর ছিল ৯.৬২। ব্যক্তিগতভাবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হিমু বাছাড়, যার গড় স্কোর ছিল ৯.৭৫।

সোনা জয়ের পথে বাংলাদেশ দল অত্যন্ত ধারাবাহিক ছিল। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। এরপর শেষ চারের লড়াইয়ে ভুটানকে ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

অন্যান্য বিভাগের পারফরম্যান্স

এবারের এশিয়া কাপে বাংলাদেশ থেকে মোট ১০ জন আর্চার অংশ নিয়েছেন। তবে সব বিভাগে সাফল্য আসেনি।

কম্পাউন্ড নারী দল: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থাইল্যান্ডের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে (২৩০-২২৯) হেরে বিদায় নেয় বন্যা-ঝুমারা।

রিকার্ভ পুরুষ দল: দারুণ সম্ভাবনা জাগিয়েও কোয়ার্টার ফাইনালে আটকে যায় তারা।

ব্যক্তিগত বিভাগ: গত বছরের সোনাজয়ী আব্দুর রহমান আলিফ এবার প্রত্যাশা পূরণ করতে পারেননি, বিদায় নিয়েছেন শেষ ষোলো থেকেই।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :