সাত মুসল্লি নিয়ে দুদিন আগেই ঈদের জামাত

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৫:০১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৫:০১:৩৫ অপরাহ্ন
সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপিত হলেও এবার ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। সৌদি আরবেরও একদিন আগে, অর্থাৎ নির্ধারিত সময়ের দুই দিন আগেই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাত্র সাতজন মুসল্লি নিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা এই আগাম ঈদের নামাজে অংশ নেন। বৃহস্পতিবার সকালে মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে একটি ছোট জামাতের মাধ্যমে নামাজটি সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারী মুসল্লির সংখ্যা ছিল মাত্র সাত জন।

মাওলানা আবু বকর সিদ্দিক এই সিদ্ধান্তের বিষয়ে বলেন, নাইজার, মালিসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। ইসলাম একটি বৈশ্বিক ধর্ম এবং চাঁদও একটি, তাই ঈদও একই দিনে হওয়া উচিত। সেই বিশ্বাস থেকেই আমরা আজ ঈদের নামাজ আদায় করেছি। মূলত পশ্চিম আফ্রিকার দেশ মালি, নাইজার ও আফগানিস্তানে চাঁদ দেখার খবরকে ভিত্তি করেই তারা আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তবে একই দরবার শরীফের অন্যান্য অনুসারীদের মধ্যে এই নিয়ে মতভেদ দেখা দিয়েছে। দরবারের আরেক অনুসারী ইয়াহিয়া চৌধুরী জানান, আমাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল। যারা নামাজ আদায় করেছে, তারা চাঁদ দেখার তথ্যকে গ্রহণযোগ্য মনে করেছে। কিন্তু আমরা যাচাই-বাছাই করে দেখেছি আফগানিস্তানে ওই সময় চাঁদ দেখার সম্ভাবনা ছিল না, তাই আমরা তা গ্রহণ করিনি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :