ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৪৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৪৮:০৮ অপরাহ্ন
ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কাজে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি জরুরি সরকারি কার্যক্রম সম্পন্ন করছেন এবং বিভিন্ন সিটি করপোরেশনসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের ছুটি চললেও প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে নিয়মিতভাবে সরকারি কাজ করছেন। দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিশেষ করে খাল খনন কর্মসূচির অগ্রগতি ও এর বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের থেকে তথ্য নিচ্ছেন।

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

অন্যদিকে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

সরকারি ছুটি মঙ্গলবার থেকে শুরু হয়েছে, যা ২৩ মার্চ পর্যন্ত চলবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :