টিকিটের দামে রয়েছে কিছুটা আপত্তি

আকাশপথে স্বস্তির ঈদযাত্রা

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০১:৫২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:২৫:০১ অপরাহ্ন
লম্বা ছুটি নিয়ে শুরু হয়েছে ঈদযাত্রা। সড়ক, রেলপথের পাশাপাশি আকাশপথেও যাত্রীর চাপ। ঈদের আগে এয়ারলাইন্সগুলোর অভ্যন্তরীণ রুট সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিটের চাহিদা বেশি, কম কক্সবাজারের। তবে ঈদের পর টানা এক সপ্তাহ কক্সবাজারে টিকিটের চাহিদা কয়েকগুণ বেশি। যাত্রায় স্বস্তি থাকলেও টিকিটের দামে রয়েছে কিছুটা অস্বস্তি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাতদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। একইভাবে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে ছুটি।

লম্বা ছুটি হওয়ায় এবার ঈদযাত্রা তুলনামূলক স্বস্তির। টিকিটের দাম, প্রাপ্তি প্রভৃতি নিয়ে ভোগান্তি থাকলেও যানজট এবার এখনো কম। ভোগান্তি এড়াতে ক্রমেই আকাশপথে বাড়ি ফেরার প্রবণতা বাড়ছে বাংলাদেশে। এজন্য অনেক যাত্রী মাসখানেক আগেই টিকিট কেটে রাখেন। যদিও এখন অধিকাংশ এয়ারলাইন্স ঈদযাত্রার প্রায় শতভাগ টিকিট বিক্রি শেষ করেছে। অর্থাৎ, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে আসন ফাঁকা নেই বললেই চলে। অতিরিক্ত চাপ থাকায় ভাড়াও বেড়েছে কয়েকগুণ।

এখন রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা দেশের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশালে দিনে প্রায় সাত হাজার যাত্রী বহন করে।

এয়ারলাইন্স সংস্থাগুলো জানায়, ঈদের ছুটিতে সড়কে যানজট থাকলে গন্তব্যে পৌঁছানোর নির্দিষ্ট সময় থাকে না। অনেক সময় পাঁচ ঘণ্টার রাস্তা পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে ১৫ ঘণ্টাও লেগে যায়। ফলে এ ধরনের সীমাহীন ভোগান্তি এড়াতে আকাশপথে ঝুঁকছেন যাত্রীরা। তবে জেট ফুয়েলের দাম বাড়ায় টিকিটের দাম ক্রমেই বাড়ছে। সরকার জেট ফুয়েলের দাম কমালে ফ্লাইটে যাতায়াত আরও জনপ্রিয় হবে।

এয়ারলাইন্সগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে সবচেয়ে বেশি চাহিদা নীলফামারীর সৈয়দপুর রুটে। ১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত ভাড়া কয়েক হাজার টাকা বেশি ফ্লাইটের সময়ভেদে। ৫ হাজার থেকে ১১ হাজার পর্যন্ত ভাড়া দেখাচ্ছে এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে। কোনো কোনো ফ্লাইটে দ্বিগুণ। তবে আগে যারা কেটে রেখেছেন তারা কিছুটা কম পেয়েছেন।

সিলেট-চট্টগ্রাম রুটের ভাড়াও কয়েক হাজার টাকা বেশি দেখাচ্ছে এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে। ওয়ানওয়ে ৫-৭ হাজার টাকার নিচে মিলছে না। ঈদ পরবর্তীসময়ে ২২ মার্চ কক্সবাজার রুটে এয়ারলাইন্সভেদে ওয়ানওয়ে টিকেটের মূল্য শুরু হচ্ছে ৬ হাজার ৭৪৯ থেকে ১১ হাজার ২৪৯ টাকা পর্যন্ত। বুধবার (১৮ মার্চ) বিকালের ফ্লাইটে সপরিবারে ঢাকা থেকে সৈয়দপুরে গ্রামের বাড়ি ঈদ করতে যাবেন বনশ্রীর ব্যবসায়ী ময়নুল হোসেন। এজন্য তিনি গত ১৫ ফেব্রুয়ারি টিকিট কেটে রেখেছেন। ময়নুল হোসেন বলেন, আগে বাসে করে সৈয়দপুর যেতাম। কিন্তু যাতায়াতে যে ভোগান্তি তা থেকে মুক্তি পেতেই আকাশপথ বেছে নিয়েছি। এতে সময় কম লাগে। আগে টিকিট কেটে রাখলে ভাড়াও তুলনামূলক কমে যাতায়াত করা যায়।’

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী জামিরুল জাহিদ ১৯ মার্চ যাবেন চট্টগ্রাম। ছুটির সিদ্ধান্তে টিকিট কাটতে দেরি হওয়ায় সাড়ে চার হাজার টাকার টিকিট তাকে কাটতে হয়েছে আট হাজার টাকায়। তিনি বলেন, আকাশপথে যাত্রার সমস্যা ভাড়া। হঠাৎ করে দ্বিগুণ হয়ে যায়। ঈদের সুযোগে এয়ারলাইন্সগুলো চাহিদা থাক না থাক ভাড়া বাড়ায়। যেটা আমাদের জন্য অস্বস্তির।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :