৫ বছরে দেশের সব খাল খনন করা হবে: সংস্কৃতি মন্ত্রী

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০২:২২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৪:১৮:২০ অপরাহ্ন
সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের মানুষের উন্নয়নের জন্যই বর্তমান সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খনন করা হবে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখননের কাজের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সমাজব্যবস্থা থেকে দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহল মহল দখল, বাজার দখল, অনলাইন জুয়া বন্ধ করতে সরকার কাজ করছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ব্যর্থ হওয়ার জন্য নয়। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করতে চায়। তাই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ দেশ।

মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খাল খননের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, খাল খনন করলে, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল দেশব্যাপী খাল খনন। দেশব্যাপী খাল খনন করা হলে কৃষক ইরি রোরো ধানের মৌসুম সহজেই সেচ দিতে পারবে। খালে সারা বছর পানি থাকলে কৃষক সঠিক সময় তার ফসলের ক্ষেতে পানি দিতে পারবে। তাই সারাদেশে চল্লিশটি জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট দেড় শতাধিক খাল রয়েছে। তার মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬টি খাল ২১ দশমিক ৭ মিটার খনন করা হবে। এর মধ্যে মোহাম্মদপুরের নারায়াণপুরের খালটি ৯৫৫ মিটার খননদের মাধ্যমে আজ উদ্বোধন শুরু হলো। অনুষ্ঠানের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপি'র সদস্য মিথুন রায় চৌধুরী প্রমুখ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :