অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম

রিকশাচালককে মারধর করে শপিংমলে বেঁধে রাখার খবরটি গুজব

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১১:৫২:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১২:৩৮:৫২ অপরাহ্ন
রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরে রিকশাচালককে মারধর করে শপিংমলে বেঁধে রাখার খবরটি গুজব। এ ঘটনায় কিছু দুষ্কৃতিকারীরা মব সৃষ্টি করে লুটপাট করার চেষ্টা করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম মার্কেটটি পরিদর্শন শেষে এসব কথা জানান। তিনি বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশের ৬ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করছে পুলিশ।

এদিকে এখনও মার্কেটটি বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এখনও আতঙ্ক বিরাজ করছে। এর আগে রোববার দিবাগত রাতে উত্তরা স্কয়ার শপিংমলের সামনে রিকশা ও অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে তার মরদেহ ভবনের ভেতরে গুম করা হয়েছে— এমন অভিযোগ তুলে স্থানীয় রিকশাচালক ও এলাকাবাসী ভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং ভবনটিতে ভাঙচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিক্ষুব্ধ জনতার সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :