​‘স্পিকারের চেয়ার শূন্য রেখেই’ বসল সংসদ অধিবেশন

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১১:২১:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:১৫:১২ অপরাহ্ন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তবে ‘স্পিকারের চেয়ার শূন্য রেখেই’ প্রথম অধিবেশনটির সূচনা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথও পড়াবেন তিনি।

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা তারেক রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে এ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

ওই বক্তৃতায় তিনি কোনো একজন সংসদ সদস্যকে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন এবং সেই সভাপতির সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বাংলাদেশের বিদ্যমান সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করার কথা।

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী। আর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন শামসুল হক টুকু। কিন্তু ওই বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন শিরীন শারমিন চৌধুরী। অন্যদিকে, মামলার আসামি হয়ে কারাগারে আছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

এ অবস্থায় নতুন সংসদ অধিবেশনের সূচনায় সভাপতিত্ব কে করবেন, তা নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল। ধারণা করা হচ্ছিল, অধিবেশন শুরুর আগের দিন সরকারি দলের সংসদীয় দলের সভায় এ বিষয়টি চূড়ান্ত হতে পারে।

তবে বুধবার (১২ মার্চ) অনুষ্ঠিত ওই সভায় অধিবেশনের প্রারম্ভিক সভাপতি এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার সংসদ নেতা তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হয়। সূত্র: বিবিসি বাংলা

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :