​ইরানে আজ সবচেয়ে তীব্র হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৮:৪২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৮:৪২:১৬ অপরাহ্ন
ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।বার্তাসংস্থা এএফপি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

হেগসেথ বলেন, ‘আজ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে।’ হামলায় সর্বোচ্চ সংখ্যক যুদ্ধ ও বোমারু বিমান ব্যবহার করা হবে বলে জানান তিনি।

হেগসেথ আরও বলেন, ‘যুদ্ধ কতদিন চলবে তা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা যুদ্ধের শুরু, মাঝামাঝি নাকি শেষ— এ বিষয়ে মন্তব্য করা আমার কাজ নয়।’

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি তিনি।

হেগসেথ অভিযোগ করেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চারগুলো স্কুল ও হাসপাতালসহ বেসামরিক এলাকায় স্থাপন করছে, যাতে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়।

ইরানের হামলার মাত্রা কমে এসেছে দাবি করে হেগসেথ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ইরান তার সক্ষমতার তুলনায় সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

সংবাদ সম্মেলনে হেগসেথের সঙ্গে থাকা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘এই অভিযানের একটি প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের নৌবাহিনী ধ্বংস করা।’

তিনি আরও বলেন, ‘মাইন ব্যবহার করে ইরান যাতে সমুদ্রপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী।’

সূত্র : এএফপি, বিবিসি

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :