​অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবলার

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৭:০৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৭:০৮:৫৩ অপরাহ্ন
দেশে ফিরে শাস্তির আশঙ্কার মধ্যে অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা নিয়ে আশ্রয় নিয়েছেন ইরানের পাঁচ নারী ফুটবলার।

এএফসি নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত না গাওয়ায় ইরানের নারী ফুটবল দল আলোচনায় আসে। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে খেলোয়াড়দের ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দেওয়া হয় এবং দেশে ফিরলে তাদের শাস্তির মুখোমুখি হতে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়।

এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে অজ্ঞাতসংখ্যক ইরানি খেলোয়াড়কে নিয়ে একটি বাস কড়া পুলিশ পাহারায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে রোববার (৮ মার্চ) রাতে গোল্ড কোস্টের রোবিনা স্টেডিয়াম থেকে ইরান দলের খেলোয়াড়রা মাঠ ছাড়ার সময় অস্ট্রেলীয় কর্মকর্তারা তাদের সহায়তার জন্য প্রস্তুত ছিলেন। পরে দলের পাঁচ সদস্য আশ্রয় চান এবং দ্রুতই প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে তাদের মানবিক ভিসা দেওয়া হয়।

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়ার আগে ওই পাঁচ ফুটবলারকে দলের তত্ত্বাবধায়কদের নজর এড়িয়ে হোটেল থেকে বের হতে হয়। এরপর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ও কুইন্সল্যান্ড পুলিশ তাদের নিরাপদ স্থানে নিয়ে যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের সঙ্গে দেখা করে অস্থায়ী মানবিক ভিসার আবেদনে স্বাক্ষর করেন। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ভোরে ব্রিসবেনের একটি নিরাপদ স্থানে অবস্থান নেন তারা।

আশ্রয় নেওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ফাতেমেহ পাসান্দিদেহ, জাহরা ঘানবারি, জাহরা সারবালি, আতেফেহ রামাজানজাদেহ এবং মোনা হামৌদি। তারা ২ মার্চ নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাননি।

রোববার রাতে নারী এশিয়ান কাপের শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে ২–০ গোলে হারের পর ৪৮ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তাদের নিরাপদ স্থানে নিয়ে যায় এবং তাদের আশ্রয়ের আবেদন অনুমোদন করা হয়।

তবে ইরানি খেলোয়াড়রা কীভাবে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন বা কীভাবে হোটেল থেকে বেরিয়ে এসেছিলেন—এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, ইরান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত একাধিক ব্যক্তি দলের সঙ্গে ছিলেন, যার কারণে বেরিয়ে আসার বিষয়টি তাদের জন্য সহজ ছিল না।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :