​স্ত্রীসহ উপসহকারী প্রকৌশলী আতিকুরের বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:০৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:০৬:৪৪ অপরাহ্ন
দুর্নীতির অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপ-সহকারি প্রকৌশলী, ও ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান খানের নামে বনশ্রী এবং রামপুরাতে থাকা দুইটি ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া গাজীপুরের কালিগঞ্জে থাকা ৯৫২ শতাংশ জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক তার স্ত্রী নাহিদা ইসলাম নিপার নামে বাড্ডার ছয়তলা বাড়ি এবং সাড়ে তিন কাঠা জমি জব্দের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মানসী বিশ্বাস এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন।

আতিকুর রহমানের আবেদনে বলা হয়, তার দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ নামে ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করা হয়েছে। ভিত্তিহীন ও মিথ্যা বিবৃতি/তথ্য দিয়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৩৫ লাখ ১ হাজার ১৩৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও দখলে রেখে এবং ৪৭টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয় ৭ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার অবৈধ প্রকৃতি, উৎস ও অবস্থান গোপন করা হয়েছে। ছদ্মবরণে মালিকানা নিয়ন্ত্রণ করার দায়ে তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তকালে বিশ্বস্থ সূত্রে জানা গেছে, আতিকুর রহমান তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। সম্পত্তি হস্তান্তর করলে মামলার ধারাবাহিকতায় আদালতে অভিযোগপত্র জমা, বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করাসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য তার স্থাবর সম্পত্তি ক্রোক করা প্রয়োজন।

নাহিদা ইসলামের আবেদনে বলা হয়, তার নিজ নামে অর্জিত স্থাবর সম্পদ যেন তা জব্দ করা প্রয়োজন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :