​জাতীয় পতাকা উত্তোলন নিয়ে বিভ্রান্তি, বাহিনীর ব্যাখ্যা

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৭:৪৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৭:৪৭:৪৪ অপরাহ্ন
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরে আনসার একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে বিভ্রান্তির বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাহিনীর মুখপাত্র উপ-পরিচালক মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাতীয় পতাকা উত্তোলনে বিতর্কের সৃষ্টি’ শিরোনামে প্রকাশিত কিছু সংবাদ বাস্তব ঘটনার পূর্ণাঙ্গ প্রতিফলন নয় এবং তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে প্রতীয়মান। এর ফলে জনমনে অনভিপ্রেত বিভ্রান্তি তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার-ভিডিপি একাডেমিতে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত স্থানে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে একাডেমির প্রতিটি স্থাপনায় সরকারি বিধি-বিধান অনুসরণ করে জাতীয় পতাকা উত্তোলিত ছিল।

একই দিনে ১২০ ফুট উচ্চতার নবনির্মিত সুউচ্চ পতাকা-স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান ছিল পৃথক আয়োজন, যা বাহিনীর সদস্যদের জন্য প্রেরণামূলক ড্রিল আকারে দুই পর্বে সম্পন্ন হয়। অনুষ্ঠানের একটি অংশকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করে বাহিনী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি বাহিনী হিসেবে অন্যান্য বাহিনীর ন্যায় আনসার-ভিডিপিও জাতীয় পতাকার পাশাপাশি নিজস্ব বাহিনীর পতাকা উত্তোলন করে থাকে, যা বাহিনীর ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক। উদ্বোধনী আয়োজনে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভে জাতীয় পতাকা ও বাহিনীর পতাকা পর্যায়ক্রমে উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে এবং পুরো কার্যক্রম প্রটোকল ও শিষ্টাচার মেনে পরিচালিত হয়েছে।

জাতীয় পতাকার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করা বাহিনীর সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পতাকা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শহীদদের আত্মত্যাগের অবিনাশী প্রতীক-এর প্রতি বাহিনী সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

বাহিনী গণমাধ্যম ও নাগরিক সমাজকে প্রকৃত তথ্য যাচাই করে বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়ে জানায়, ভবিষ্যতে এ ধরনের আনুষ্ঠানিক কর্মসূচিতে সময়সূচি ও প্রটোকল বিষয়ে আরও সুস্পষ্ট সমন্বয় নিশ্চিত করা হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ তৈরি না হয়।

পতাকা উত্তোলন অনুষ্ঠান

শনিবার গাজীপুর শফিপুর আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। একুশের তাৎপর্যময় প্রভাতে আয়োজিত অনুষ্ঠানে ১২০ ফুট উচ্চতার পতাকা-স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে উত্তোলিত পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট ও প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ভাষা শহীদদের স্মরণে এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। ভাষাশহীদ আব্দুল জব্বার এই বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন এবং তার আত্মত্যাগ বাহিনীর সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, ‘চির উন্নত বিজয় নিশান’ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এই পতাকা সদস্যদের শপথ করাবে- দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।

সুউচ্চ এই পতাকা প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করবে এবং দেশের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :