​ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৫:১৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৫:১৫:৩৮ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) আত্মহত্যা করেছেন। পারিবারিক হতাশা থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ইউসুফ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।’

ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক হতাশা থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত বিষয় নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপোড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এর জেরে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, কয়েক দিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। গত রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘটনাটি ঘটান।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :