​ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৪:০৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৪:০৫:৪০ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানুয়ারি মাসের ই-ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় আগামী ২২ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত বাড়িয়েছে। করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজস্ব ভবন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আইন অনুযায়ী প্রতিমাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে জমা দিতে হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে সরকারি ছুটি থাকায় এবারের সময়সীমা এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং ১৫ ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় জনস্বার্থে ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি মাসের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪ এর উপ-ধারা (১ক)-এর প্রদত্ত ক্ষমতাবলে এ সময়সীমা বাড়ানোর কথা বলা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ সিদ্ধান্ত শুধুমাত্র জানুয়ারি ২০২৬ কর মেয়াদের জন্য প্রযোজ্য এবং সময়মতো রিটার্ন জমা না দিলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :