​ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ১২:৪৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ১২:৪৯:২৫ অপরাহ্ন
ধীরে ধীরে কমছে শীতের প্রকোপ। এরই মধ্যে সারা দেশে বাড়ছে নির্বাচনী উত্তাপ। আর মাত্র তিন দিন পর, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে-এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহের মধ্যেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জাতীয় নির্বাচনের দিন সারা দেশে আবহাওয়া মোটামুটি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। ভোটের দিন কোথাও বৃষ্টির আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ভোটের দিন সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে অস্থায়ীভাবে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচনের দিন আকাশ থাকবে পরিষ্কার অথবা আংশিক মেঘমুক্ত। ভোরে কিছুটা শীত অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আবহাওয়া থাকবে স্বস্তিদায়ক থেকে হালকা উষ্ণ।

এদিকে রাত ও ভোরের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা শীত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা সাধারণত ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শ্রীমঙ্গল এলাকায় তা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

দিনের বেলায় দেশের সব অঞ্চলে তাপমাত্রা বাড়বে এবং রোদেলা আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :