​নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের প্রতি উদার হতে হবে : আলাল

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৮:৪০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৮:৪০:৪৬ অপরাহ্ন
নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে।’ তাই তাদের প্রতি আগ্রাসী না হওয়ার জন্যও নিজদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আলাল। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘তথ্য-প্রযুক্তির যুগে মনিরুল হক চৌধুরী নির্বাচনী ইশতেহারে আইটি ভিলেজ স্থাপনের কথা বলা হয়েছে, যা অত্যন্ত আশাজাগানিয়া।’

তিনি আরো বলেন, ‘মনিরুল হক চৌধুরী তার পরিকল্পনায় কোনো বৈষম্য করেননি। তিনি মুসলমানদের গোরস্তানের উন্নয়নের কথা বলেছেন, ঠিক তেমনিভাবে সনাতন ধর্ম বলে মেয়েদের জন্য উন্নত শ্মশানের কথা বলেছেন। খ্রিস্টানদের চার্চে উন্নয়নের কথা বলেছেন। তিনি ক্ষয়স্ক ত্রিপুরা সম্প্রদায় সংরক্ষণের কথাও আর পরিকল্পনায় উল্লেখ করেন।’ 

জামায়াতের আমিরকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘গণমাধ্যমে দেখলাম তিনি জনাব তারেক রহমানের নির্বাচনী বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। তাকে বলব, আগে আমাদের জাইমা রহমানের সঙ্গে বিতর্ক করে জিতে আসুন, তারপর দেখা যাবে।’

নির্বাচনের দিন পোলিং এজেন্টের নির্দেশনা দিয়ে মোয়াজ্জেম বলেন, ‘আমরা যখন হজ পালন করতে যাই, তখন আমাদের মা-বোনদের নিকাব খুলে ছবি তুলতে হয়, হজের নিবন্ধন করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মহিলা ভোটারদের মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে এ নিয়ে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না করে, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।’ 

সমাবেশে কুমিল্লা কোটবাড়ি কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে নিয়ে মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটির ধারণাপত্র পেশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। এসময় স্যাটেলাইট সিটির অডিও ভিজুয়াল প্রস্তাবনা প্রদর্শন করা হয়। 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। 

এ ছাড়া কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, আর্দশ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, কালীর বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেনসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :