​বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে এবার নতুন বার্তা দিলো যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০২:৩০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০২:৩০:৫৭ অপরাহ্ন
অভিবাসন ভিসা স্থগিতের পর এবার বাংলাদেশিদের জন্য নতুন আরেক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে পরিচালিত হবে, সে সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে এ বার্তায়। সেখান থেকে জানা গেছে, বাংলাদেশিদেরকে সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র। সোমবার (২৬ জানুয়ারি) এ বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মা‌র্কিন দূতাবাস। 

এর আগে, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত ৭ জানুয়ারি বাংলাদেশকে ‘ভিসা বন্ড’ তালিকাতেও যুক্ত করেছে দেশটি।  ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে, এ সংক্রান্ত বার্তায় বেশ কিছু তথ্য দিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। তথ্যগুলো হলো—   

ক। মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন‌্য অনু‌মো‌দিত হওয়ার ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে।
খ। ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে pay.gov–এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবে।
গ। ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। 
ঘ। সর্বোচ্চ ৩ মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।
ঙ। নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
চ। দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে (শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা)।

যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।  যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান (ওভারস্টে), তাদের নিরুৎসাহিত করা। মূলত, যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, সেসব দেশকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :