​অ্যামাজনে জায়গা করে নিলেন কলাপাড়ার মেহেদী হাসান

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০২:৪১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০২:৪১:১২ অপরাহ্ন
বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে চাকরি পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামের তরুণ শিক্ষার্থী মেহেদী হাসান। তাঁর বাবা মো. আহসান হাবিব খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেদী হাসানের সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি। শুধু চাকরি নয়, বাংলাদেশের পরিচিতি যেন মেলে ধরল এই কীর্তিমান তরুণ। তার বাবা শিল্প মন্ত্রণালয়ের অধীন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলহাজ মো: আহসান হাবিব। মা শিল্পী আখতার পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

আহসান হাবিব জানান, ছোটবেলা থেকে অদম্য মেধাবী তার মেজ ছেলে মেহেদী হাসান কলাপাড়া শহরের মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়। তার কর্মস্থল ফরিদপুর সুগারমিল হাই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও ফরিদপুর সরকারি আইন উদ্দিন কলেজ থেকে এইএচসিতে উত্তীর্ণ হয়। এরপরে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি থেকে বিবিএ করেন। সেখান থেকে পাড়ি জমান ইউনিভার্সিটি অফ ওয়াসিংটন, ইউএসএ। সেখান থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলের মধ্য দিয়ে এমবিএ সম্পন্ন করেন। এরপরই তার ডাক আসে অ্যামাজনে। যোগদান করেন ২০ জানুয়ারি অ্যামাজনের প্রধান কার্যালয়ে। 

মেহেদী হাসানের এই সাফল্যে বাবা-মাসহ পরিবারের সদস্যদের চোখে বইছে আনন্দাশ্রু। তাঁরা মেহেদীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :