​ইউরোপ সঠিক পথে এগুচ্ছে না: দাভোসের ভাষণে ট্রাম্প

আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:২৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:২৮:০৯ অপরাহ্ন
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে সংঘাতের আবহে সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণের শুরুতেই ইউরোপকে বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

‘ইউরোপ সঠিক পথে এগুচ্ছে না’- বললেন তিনি। ইউরোপ তার কাছে অচেনা ঠেকছে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি ইউরোপকে ভালবাসি। আমি চাই তারা ভাল করুক। কিন্তু ইউরোপ সঠিক পথে চলছে না।”

বুধবার (২১ জানুয়ারি) দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে সফর করছেন ট্রাম্প। ফোরামের মূল মঞ্চে বক্তব্য রাখছেন তিনি।

তার এই সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতুহল এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। কারণ, সম্প্রতি ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি, বাণিজ্য যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে টানাপড়েনের প্রেক্ষিতে ভাষণে তিনি গ্রিনল্যান্ডসহ অন্য বিভিন্ন বিষয়ে কী বার্তা দেন সেদিকেই নজর বিশ্ব নেতাদের।

গ্রিনল্যান্ড দখলের প্রশ্নে ট্রাম্পের আগ্রাসী অবস্থানের জেরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাই এবার প্রকাশ্যে বিরোধিতা করছেন। ট্রাম্প দাভোসের মাটিতে পা দিতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁও বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত নয়, সবচেয়ে শক্তিশালীর কথার কাছে মাথা নত করা। তবে ভাষণে ট্রাম্প ফের গ্রিনল্যান্ডকে জাতীয় কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গ্রিনল্যান্ডে বিরল খনিজের মতো কিছু নেই। সেখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল কৌশলগত জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা। সেকারণে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে তিনি তাৎক্ষণিকভাবে আলোচনা চান বলে জানান।

ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্টরা দুই শতাব্দী ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করে আসছেন। তাছাড়া, দ্বীপটিতে ডেনমার্কের উপস্থিতির কোনও চিহ্ন নেই এবং সেখানে ডেনমার্ক তাদের প্রতিশ্রুত অর্থের চেয়ে কম খরচ করছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :