মাদারীপুরে বাস খাদে পড়েই ছয়জনের মৃত্যু

সড়কে ঝরলো ১৫ প্রাণ

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৯:১৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৯:১৭:৪৪ অপরাহ্ন
রাজধানীসহ সড়ক দুর্ঘটনায় সারাদেশে ১৫জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।  এর মধ্যে মাদারীপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬জন নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

মাদারীপুর প্রতিনিধি জানান- মাদারীপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬জন নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে চাপ দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক ও এক পথশিশুসহ দুজন নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে। ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় লেগুনার ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৪০ বছর বয়সী এক ভ্যানচালক নিহত হন। রাত আনুমানিক ১০টার দিকে একটি লেগুনা একটি সিএনজি অটোরিকশা ও একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী পথচারী রবিউল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় ওই ভ্যানচালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় জাহিদ (১১) নামে এক পথশিশু নিহত হয়েছে। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। নিহত জাহিদের বন্ধু পথশিশু রাব্বি জানায়, গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান- জামালপুরে এক পথচারীকে বাঁচাতে গিয়ে আশিকুজ্জামান স্ট্যালিন (২৫) নামে এক মেরিন প্রকৌশলীর (এক্স ক্যাডেট) মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভারে মেলান্দহ ডেফলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক্স ক্যাডেট আশিকুজ্জামান স্ট্যালিন রাত ১২টার সময় জামালপুর শহর থেকে ব্যক্তিগত গাড়ি চালিয়ে তার নানাবাড়ি ইসলামপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে মেলান্দহ উপজেলার কালিবাড়ি এলাকায় তার গাড়ির সামনে এক পথচারী দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। সে সময় ওই পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে পথচারী এবং গাড়িতে থাকা ক্যাডেট স্ট্যালিন আহত হন।  পরে দুর্ঘটনাস্থল থেকে এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানালে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এরপর স্ট্যালিনের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর শহরের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ছাত্র মেরিন প্রকৌশলী আশিকুজ্জামান স্ট্যালিন ইউরোপের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি জামালপুর শহরের বনপাড়ার মৃত আক্তারুজ্জামানের সন্তান। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান পথচারীর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ভোররাতে ক্যাডেট আশিকুজ্জামান স্ট্যালিন মারা যান।

সিলেট প্রতিনিধি জানান- সিলেটে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। গত শনিবার রাত দেড়টার দিকে নগরের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস ও অপরজন হলেন জিন্দাবাজারের বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস। তিনি একাদশ শ্রেণির ছাত্র। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তালতলা শাখা সূত্রে জানা গেছে, রাত ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। তাদের বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছর, ওই দুই তরুণ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উন্নত চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেল দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) সিলেট অঞ্চলে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। এদিন সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হন। সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর প্রাণহানি ঘটে। রাতে তালতলার দুর্ঘটনাসহ একদিনে মোট ছয়জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্দ নগরবাসী।

টাঙ্গাইল প্রতিনিধি জানান-টাঙ্গাইলের বাসাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর ওপরে উঠে গেল মোটরসাইকেল। এতে এক পথচারী ও চালক নিহত হয়েছেন। এ ছাড়া, আরও দুইজন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিলন (২৪) টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে এবং আরফান খান (৭৫) বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে। আরফান খান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। পুলিশ জানায়, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে মোটরসাইকেল করে ফেরার পথে বাসাইল কলেজের সামনে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর ওপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আহত দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃতদেহ পুলিশের হেফাজতে রয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ফরিদপুর প্রতিনিধি জানান-  ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া–বোয়ালমারী সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে গোলাম আরাফাত (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত আরাফাত উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। গতকাল রোববার সকাল আনুমানিক ৮টার দিকে নওপাড়া রাস্তার মোড় থেকে আঞ্চলিক সড়কে প্রবেশের সময় সাব্বিরের ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। আরাফাত পড়ালেখার পাশাপাশি জীবিকার জন্য স্থানীয় ওই জুতা তৈরির কারখানায় চাকরি করতেন। তিনি ওই এলাকার হাজী আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) সকালে আরাফাত মোটরসাইকেলে নওপাড়া থেকে স্থানীয় জুবায়ের ফুটওয়্যারে কাজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার ঝাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্নু মোল্লা (৪০) উপজেলার বিজুলিয়া গ্রামের আবু তৈয়ব মোল্লার ছেলে। স্থানীয়রা জানায়, মানসিক প্রতিবন্ধী মন্নু মোল্লা রাতে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে ঘুরাঘুরি করছিলো। রাত ৩ টার দিকে একটি ট্রাক তাকে চাপা দেয়। ভোরে স্থানীয়রা রাস্তার পাশের তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, ধারনা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় মন্নু নিহত হয়েছে। অভিযোগ না থাকায় পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে করেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :