​নতুন পে স্কেল নিয়ে ধৈর্য ধরার আহ্বান অর্থ উপদেষ্টার

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৭:৩৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১১:৪১:২০ পূর্বাহ্ন
নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, পে স্কেলসংক্রান্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, পে স্কেল নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে।

গণভোট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গণভোটে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব গণমাধ্যমেরও রয়েছে।

তিনি নিজেও বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরছেন বলে জানান।

এ সময় তার সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :