শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে প্রার্থীদের ভিড়

আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০১:৩৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০১:৩৭:৫২ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন অনুষ্ঠিত হবে গণভোটও। সে লক্ষ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সম্ভাব্য প্রার্থীরা। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জানানো হয়, সারা দেশের ৩০০ সংসদীয় আসনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনে সকাল ১০টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেছেন ৪০ জন মনোনয়ন প্রার্থী। শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের স্থাপ্তিত কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচন কমিশন ভবনে স্থাপিত আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা উপস্থিত হয়ে বিভিন্ন বুথে কাগজপত্র জমা দিচ্ছেন। এ সময় কেন্দ্রীয় বুথ থেকে জানানো হয়, শেষ দিনে সকাল থেকে দুপুর ১২টা, এখন পর্যন্ত ৪০ জন মনোনয়ন প্রার্থী আপিল করেছেন।

ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়েছে। এ সময় আপিল আবেদন করা নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মামুনুর রশিদ বলেন, আমার মনোনয়ন বাতিলের পেছনে ভোটার সমর্থন সংক্রান্ত জটিলতা দেখানো হয়েছে। আমি মনে করেন, ভোটের আগেই প্রকাশ্যভাবে ভোটারের সমর্থন যাচাই করা যৌক্তিক নয়। নির্বাচন কমিশন আপিল শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবে।

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান আপিল করেন। রিটা রহমান জানান, তিনি ন্যায়বিচারের প্রত্যাশায় নির্বাচন কমিশনে আপিল করেছেন।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :