​বিলিয়ন ডলার ক্লাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৩:৫১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৩:৫১:০৩ অপরাহ্ন
মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সব মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১.০৮৩ বিলিয়ন ডলার। খবর ভ্যারাইটির।

মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেমাটি আয় করেছে ৩০৬ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৭৭৭.১ মিলিয়ন ডলার। তবে আগের দুইটি ‘অ্যাভাটার’ ছবির তুলনায় তৃতীয় কিস্তিটি ১ বিলিয়ন ডলারে পৌঁছাতে কিছুটা বেশি সময় নিয়েছে।

২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মাত্র ১৪ দিনে এবং ২০০৯ সালের প্রথম ‘অ্যাভাটার’ ১৭ দিনে এই মাইলফলক স্পর্শ করেছিল। উল্লেখ্য, আগের দুটি ছবিই দীর্ঘদিন বক্স অফিসে আধিপত্য বজায় রেখে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় স্থান করে নেয়। প্রথম ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী প্রায় ২.৯ বিলিয়ন ডলার, আর দ্বিতীয়টি প্রায় ২.৩ বিলিয়ন ডলার আয় করেছিল।

এখন বড় প্রশ্ন—‘অ্যাভাটার ৩’ কি ২ বিলিয়ন ডলারের ক্লাবে ঢুকতে পারবে? বিশ্লেষকদের মতে, এই লক্ষ্য অর্জনে ছবিটিকে অনেকটাই নির্ভর করতে হবে আন্তর্জাতিক বাজারের ওপর। কারণ আগের দুই কিস্তির মতো এবারও বিদেশি দর্শকরাই আয়ের বড় অংশ জোগাচ্ছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :