মনোনয়নপত্র দাখিলের সময় দুই দিন বাড়তে পারে

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৩:২৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৬:১৪:৫৪ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে। সোমবার (২৯ ডিসেম্বর) ইসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে ইসি সূত্র নিশ্চিত করেছে, এই সময় দুই দিন বাড়তে পারে।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দু’দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দু’দিন বৃদ্ধি করে ইসি।

পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৯ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।

আপিল নিষ্পত্তির ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :