দেশের আকাশে তারেক রহমান

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৫:০৮:১৩ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ২৭ মিনিটের দিকে দেশের আকাশসীমায় প্রবেশ করে। তাঁর সঙ্গে আছেন স্ত্রী জোবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

দেশের আকাশে প্রবেশ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে তারেক রহমান লিখেছেন, "দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!" 

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরছেন তারেক রহমান। তাকে বহনকারী বিমান ফ্লাইটটি সরাসরি ঢাকায় অবতরণ না করে প্রথমে সিলেটে যাবে। এরপর ফ্লাইটটি সেখানে এক ঘণ্টা অবস্থান করার পর ঢাকার উদ্দেশে রওনা দেবে।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তিনি সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে দলের পক্ষ থেকে আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বিএনপি জানিয়েছে, এটি কোনো জনসভা নয় এবং সংবর্ধনায় একমাত্র বক্তা থাকবেন তারেক রহমান।

সংবর্ধনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে চিকিৎসাধীন তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মাকে দেখার পর তিনি গুলশান অ্যাভিনিউর নিজ বাসভবনে ফিরবেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও র‍্যাব, এপিবিএন, সোয়াট, কাউন্টার টেররিজম ইউনিট, বম্ব ডিসপোজাল ইউনিট, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) থেকেও একাধিক টিম মোতায়েন করা হয়েছে।

বাংলা স্কুপ /প্রতিবেদক /এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :