​ভারতের ট্রাকের গতিবিধি সার্বক্ষণিক নজরে রাখবে এনবিআর

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৭:৪৩:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৭:৪৩:৪৮ অপরাহ্ন
বেনাপোল স্থলবন্দর দিয়ে চলাচল করা ভারতের সকল পণ্যবাহী ট্রাকের গতিবিধি এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মনিটর করবে। এ লক্ষ্যেই আমদানি-রপ্তানির তথ্য ও শুল্ক হিসাব রাখার সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে ‘ট্রাক মুভমেন্ট’ নামের একটি সাব-মডিউল চালু করা হয়েছে।

আগে এই কার্যক্রম এনবিআরের কাস্টম হাউসে ম্যানুয়াল পদ্ধতিতে করা হলেও এখন প্রাথমিকভাবে বেনাপোল কাস্টম হাউসে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের ট্রাকের আগমন ও খালি ট্রাকের ফেরত সংক্রান্ত তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণের জন্য এই সাব-মডিউল তৈরি করা হয়েছে।

এনবিআর জানায়, “ফলে প্রতিটি ভারতীয় ট্রাকের আগমন ও বহির্গমনের প্রকৃত তথ্য সংরক্ষিত হবে এবং কার্যকরভাবে ট্রাক মনিটর করা সম্ভব হবে। এর মাধ্যমে ট্রাকের অবস্থানকাল নির্ণয়, তথ্য ব্যবস্থাপনা, রাজস্বহানি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রিয়েল-টাইম রিপোর্ট তৈরি করা যাবে।”

পাইলট কার্যক্রম আকারে সোমবার বেনাপোলে এই ব্যবস্থা চালু হয়েছে এবং শিগগিরই দেশের সকল স্থল বন্দরে লাইভ অপারেশন শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চব্বিশের অভ্যুত্থানের পর ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নানা টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। পাল্টাপাল্টি বিধিনিষেধ আমদানি-রপ্তানি বাণিজ্যে বিঘ্ন ঘটাচ্ছে। চলতি বছরের ১৮ মে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাকসহ সাত ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করে ভারত। এক মাসের মধ্যে ভারতের পাল্টা নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। অক্টোবরের শেষ দিকে বেনাপোল বন্দর দিয়েও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত করা হয়। কোনো পূর্ব ঘোষণা বা প্রস্তুতি ছাড়াই সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :