ব্লকেড কর্মসূচি ঘিরে ফার্মগেটে পুলিশের সতর্ক অবস্থান

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৩:২৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৩:৩৫:৪২ অপরাহ্ন
রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি ঘিরে ফার্মগেট এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। একইসঙ্গে কলেজের সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কলেজের সামনে, ফার্মগেটমুখী সড়ক এবং আশপাশের গলি এবং ফার্মগেট মোড়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জানান, ঘটনার পর চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। এরপর আরও ৪৮ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি। তাদের অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন আসামিদের ধরছে না। তেঁজগাও কলেজ শিক্ষার্থী ফারহান আহমেদ বলেন, আমরা আজ ব্লকেড কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। তবে আজ সেটা করবো না। শুধু বিক্ষোভ মিছিলেই আমরা প্রতিবাদ জানাবো। এটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হলেও কলেজ প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা প্রয়োজনে আন্দোলনের পরিধি আরও বাড়াবো। তবে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :