জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১২:২৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১২:২৭:৫৮ অপরাহ্ন
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে সূর্যোদয়ের পর ভোর ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে সই করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ জাতি বিজয় দিবস পালন করছে।

৫৪ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহিদের আত্মত্যাগ এবং প্রায় দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালনে নানা কর্মসূচি নিয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :