​বন্ডি বিচের হামলা, ফিলিস্তিনকে স্বীকৃতির খেসারত: নেতানিয়াহু

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০২:২৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০২:২৮:২৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার বন্ডি বিচে হামলাকারীসহ ১৫ জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন দেশের সরকারের প্রতি ইহুদি-বিদ্বেষ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার খেসারত দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহুর এই মন্তব্যের সমালোচনা করেছে জাতিসংঘ।

অস্ট্রেলিয়ায় হনুকা উৎসবে চালানো সন্ত্রাসী হামলার সমালোচনায় মুখর গোটা বিশ্ব। নারকীয় এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশ। দুঃখ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে বন্ডি বিচে হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

অস্ট্রেলিয়ান সরকারকে ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। তাদের দাবি, সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে এই আক্রমণ প্রতিরোধ করা যেত।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইহুদি-বিদ্বেষ একটি ক্যান্সার। নেতারা নীরব থাকলে এটি ছড়িয়ে পড়ে। আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলছি, অস্ট্রেলিয়ায় ইহুদি-বিদ্বেষের বিস্তার বন্ধ করার জন্য আপনার সরকার কিছুই করেনি। আপনার দেশের অভ্যন্তরে বেড়ে ওঠা ক্যান্সার কোষগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি কিছুই করেননি। আপনি রোগটি ছড়িয়ে পড়তে দিয়েছেন। ফলে আজ আমরা ইহুদিদের ওপর ভয়াবহ আক্রমণ দেখতে পেয়েছি।’

এ সময় অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার খেসারত দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন দেশের সরকারের প্রতি ইহুদি-বিদ্বেষ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতানিয়াহু।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘প্রায় চার মাস আগে, ১৭ই আগস্ট, আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজকে একটি চিঠি পাঠিয়েছিলাম, যেখানে আমি তাঁকে সতর্ক করে দিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান সরকারের নীতি অস্ট্রেলিয়ায় ইহুদি-বিদ্বেষকে উৎসাহিত করছে। আমি লিখেছিলাম: ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য আপনার আহ্বান ইহুদি-বিদ্বেষের আগুনে ঘি ঢালছে।’

নেতানিয়াহুর এমন মন্তব্যের সমালোচনা করেছে জাতিসংঘ। বন্ডি বিচের হামলার সঙ্গে অস্ট্রেলিয়ার ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিকে যুক্ত করা অযৌক্তিক বলে মন্তব্য করেন জাতিসংঘের বিশেষ দূত বেন সাউল।

অস্ট্রেলিয়ায় হামলার পর হনুকা উৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পুলিশ। বন্ডি বিচ হামলায় নিহতদের স্মরণে বিভিন্ন দেশে অবস্থিত অস্ট্রেলিয়া দূতাবাসের সামনে সম্মান জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :