ফার্মগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:৩৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:৩৫:৫৪ অপরাহ্ন
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এতে ওই এলাকা ও আশপাশে তীব্র যানজট দেখা দিয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন। জানা গেছে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ৪ দিন লড়ে মারা গেছেন উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা। তারই প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের একাংশ।

এদিকে, এ ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এক বিবৃতিতে ডাকসু জানিয়েছে, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষে এটি প্রথম কোনো শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা, যা সংঘটিত হয়েছে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পেশিশক্তির রাজনীতি চর্চার কারণে। এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী আচরণ কোনোভাবেই শিক্ষাঙ্গনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :