বিপিএল শেষ তারকা অলরাউন্ডারের, বিপাকে চট্টগ্রাম রয়্যালস

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১১:২৮:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১১:২৮:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে ২০ হাজার ডলারে অ্যাঞ্জেলো পেরেরাকে দলে ভেড়ালেও তাকে পাচ্ছে না চট্টগ্রাম রয়্যালস। অনুশীলনের সময় বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান এই অলরাউন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পেরেরার বদলি ক্রিকেটারের নাম দ্রুতই জানানো হবে বলেও জানিয়েছেন তারা।

একসময় লঙ্কান ব্যাটিংয়ের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেননি পেরেরা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়কত্ব পান তিনি। তবে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ছয়টি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলেছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। বিদেশি লিগগুলোতেও নিজেকে মেলে ধরার সুযোগ খুব কমই এসেছে তার।

২০২৪ সালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে খেললেও মাত্র একটি ম্যাচেই সীমাবদ্ধ ছিলেন পেরেরা। দ্বিতীয়বারের মতো বিপিএলে খেলার সুযোগ হলেও এবারও তা হাতছাড়া হলো চোটের কারণে।

প্রথমবার বিপিএলে অংশ নিতে যাওয়া চট্টগ্রাম রয়্যালস নিলামে বেশ আলোচনায় আসে প্রথম ডাকে নাইম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে টেনে। পরে ৪৪ লাখ টাকায় পেসার শরিফুল ইসলামকে দলে নেয় তারা। তবে এরপর বড় কোনো নাম আর দলে টানতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাটিং বিভাগে নাইমের পাশাপাশি ভরসা মাহমুদুল হাসান জয়, সালমান হোসেন, নিরোশান ডিকওয়েলা, জিয়াউর রহমান ও আবু হায়দার রনিদের।

দলের সবচেয়ে শক্তির জায়গা স্পিন বিভাগ। নিলামের আগেই সরাসরি চুক্তিতে শেখ মেহেদী ও তানভির ইসলামকে দলে নেয় চট্টগ্রাম। পাকিস্তানের রহস্য স্পিনার আবরার আহমেদও আছেন তাদের স্কোয়াডে। নিলাম থেকে এসেছে আরাফাত সানি ও শুভাগত হোমের মতো অভিজ্ঞ স্পিনাররা।

পেস বিভাগে নেতৃত্ব দেবেন জাতীয় দলের নিয়মিত মুখ শরিফুল ইসলাম। তার সঙ্গে রয়েছেন আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সুমন খান। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি মিরপুরে।

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড

শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর ও নিরোশান ডিকাওয়েলা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :