​৪৭তম বিসিএস: আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা

আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৮:০৪:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৮:৫৫:৫৫ অপরাহ্ন
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রার্থীদের জলকামান ‍ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের প্রায় ৫ ঘণ্টা অবরোধের পর মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জলকামান ‍ছুড়ে ও লাঠিপেটা করে পুলিশ। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

এর আগে দুপুরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন।

তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।

পালটা পালটি ধাওয়ায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন।

ওসি খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়েছে। ইট পাটকেলের আঘাতে আমিও আহত হয়েছি। তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করছেন।

তাঁরা আবারও যমুনা অভিমুখে পদযাত্রার চেষ্টা করবেন বলে জানান একজন আন্দোলনকারী।

জানা যায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন ৪৭তম বিসিএসের একদল লিখিত পরীক্ষার্থী। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথেও অবরোধ করেন। এছাড়া অবরোধ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কও। তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

পরীক্ষার্থীরা বলেন, আগের বিসিএসগুলোতে অংশগ্রহণকারীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেয়েছেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।

এদিকে, পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :