হঠাৎ বন্ধ মোবাইল মার্কেট, দুর্ভোগে ক্রেতারা

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:০৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:০৭:৩৬ অপরাহ্ন
রাজধানীতে সব মোবাইল মার্কেট বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে ক্রেতাদের। বিশেষ করে বসুন্ধরা সিটি মোবাইল মার্কেটসহ অন্য বৃহৎ বাজারগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেলেও ফটকের কাছে এসেই তারা জানতে পারেন মার্কেট বন্ধের কথা। মোবাইল সারাতে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বসুন্ধরা সিটির মূল ফটকে ঢুকতেই দেখা যায় ‘মোবাইল সিটি’ মার্কেট বন্ধ। ক্রেতাদের উপচে পড়া ভিড় সেখানে। মূল ফটকেই দাঁড়িয়ে তারা আলোচনা করছেন কেন মোবাইল মার্কেট বন্ধ। মোবাইল সার্ভিসিং, নতুন ফোন কেনা বা দেখতে আসা অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। একই দৃশ্য দেখা গেছে রাজধানীর মোতালেব প্লাজা ও ইস্টার্ন প্লাজায়।

এর আগে দুপুরে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদেই তাদের এই কর্মসূচি।

বক্তারা বলেন, ‘অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন।’ একইসঙ্গে তারা ‘দেশ অচল’ করে দেওয়ার হুমকিও দেন।

কর্মসূচি ঘোষণার সময় বক্তারা আরও বলেন, ‘সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদে দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন।’

মঙ্গলবার গভীর রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইয়েদ পিয়াসকে ডিবি নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, গতরাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

এমবিসিবির একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো অভিযোগ ছাড়াই রাতে তুলে নিয়ে যাওয়াটা কোনোভাবেই মানতে পারছি না। আমরা ব্যবসায়ী, আমাদের ওপরেই কেন এত চাপ সৃষ্টি করা হচ্ছে? আমাদের সঙ্গে বসে কথা বলুক। কী করতে হবে, কোন নিয়মে করতে হবে— আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিক। কিন্তু এভাবে ২০-২৫ হাজার ব্যবসায়ীকে পথে বসিয়ে কী প্রমাণ করতে চায়?’

প্রসঙ্গত, অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেটের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে এনইআইআর ব্যবস্থা। এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে বলে আশা করছে সরকার।

বাংলা স্কুপ /ডেস্ক /এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :