​লুটেরা-ডাকাত দলের দ্বারা জনগণের উপকার হবে না : রিজভী

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৩:২৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৪:৫৮:২৮ অপরাহ্ন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের স্থানে পরিণত হয়, তবে সেই রাজনৈতিক দল লুটেরা, ডাকাত, দানব ও রাক্ষসে রূপান্তরিত হয়। এমন দলের দ্বারা জনগণের কোনো উপকার হবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

রুহুল কবির রিজভী বলেন, যারা নিজের দেশের সঙ্গে বেঈমানি করে, জনগণের সঙ্গে বেঈমানি করে, তাদের পরিণতি সর্বদাই ভয়াবহ হয়।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গতকালের বিচারে প্রমাণিত হয়েছে যে, আল্লাহ পৃথিবীতেই বিচার করেন। তিনি দাবি করেন, দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনার সরকার ৮ হাজার কোটি টাকা খরচ করেছে, যার মধ্যে তিন হাজার কোটি টাকা প্রশাসনের কর্তারা পেয়েছেন। 

'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনব্যাপী নানা সেবামূলক কার্যক্রম চালানো হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চক্ষু রোগীদের এবং হৃদরোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কারণে পঙ্গুত্ব বরণ করা দরিদ্র মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। কৃষকদের মাঝে সার ও বীজ এবং শ্রমিকদের মধ্যে পোশাক ও হাতমোজা বিতরণ করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :