দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিন

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৬:৫৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৭:৩৭:৫৫ অপরাহ্ন
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুরে হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর হিরো আলমকে আদালতে হাজির করে পুলিশ। এরপর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আদালতের এজলাসে তোলা হয়।

এ সময় হিরো আলমের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ২০০ টাকায় মুচলেকায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন। এ সময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা পেয়ে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানার পুলিশ। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০ থেকে ১২ অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে।

ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

হিরো আলম গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :