সিডর

আজও শোক বয়ে বেড়াচ্ছে কলাপাড়ার ৯৪ পরিবার

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১১:৪৩:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১১:৫৮:১৪ পূর্বাহ্ন
আজ ১৫ নভেম্বর। সিডর তাণ্ডবের দেড় যুগ। প্রকৃতির বুলডোজারখ্যাত এই সুপার সাইক্লোন ঘুর্ণিঝড়ের কথা সাগরপারের কলাপাড়ার মানুষ আজও ভোলেনি। ২০০৭ সালে সিডরের ভয়াল তাণ্ডবে কলাপাড়ায় সরকারি হিসাবে ৯৪ জন মানুষের প্রাণহানি ঘটে। বেসরকারি হিসাবে এ সংখ্যা ১০৪ জন। আজও খোঁজ মেলেনি সাত জেলে ও এক শিশুর।
 
সিডরের ভয়াল তাণ্ডবে কলাপাড়ায় সম্পূর্ণভাবে ঘর বিধ্বস্ত হয় ১২হাজার নয় শ’ পরিবারের। আংশিক বিধ্বস্ত হয় ১৪ হাজার নয় শ’ ২৫ পরিবারের ঘর। তিন হাজার দুই শ’ ২৫জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সিডরের কালো থাবায় শতকরা ৯০ পরিবার ক্ষতির শিকার হয়। এর মধ্যে ৫৪৭৩ টি পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয় । ৫৪০ পরিবারের জন্য ব্যারাক হাউস নির্মাণ করে দেয়া হয়েছে নয় বছর আগে। কিন্তু এসব ব্যারাকের অন্তত অর্ধেক কক্ষে লোকজন থাকছে না। ব্যারাক হাউসের চাল বেড়া খুটি চুরি হয়ে গেছে। 

সম্পূর্ণ বিধ্বস্ত আরও তিন সহস্রাধিক পরিবারের প্রয়োজন গৃহপুনর্বাসন। বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া ১২হাজার পাঁচ শ’ ১৬ পরিবারকে পাঁচ হাজার টাকা করে ক্ষতিপুরণ দেয়া হয়। এছাড়া তিন হাজার, আড়াই হাজার, দুই হাজার এবং এক হাজার টাকা করে আরও ছয় হাজার সাত শ’ পরিবারকে গৃহ নির্মাণে সহায়তা দেয়া হয়েছে। গৃহনির্মাণ সামগ্রী দিয়ে সহায়তা দেয়া হয় অন্তত সাত হাজার পরিবারকে। এ খবর সরকারের বিভিন্ন সূত্রের। তারপরও সম্পূর্ণ এবং আংশিক বিধ্বস্ত পাঁচ হাজার পরিবার মানবেতর জীবন-যাপন করছে। 

বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা জানান, এখনও বেড়িবাঁধের বাইরে কমপক্ষে সাত হাজার পরিবার ঝুঁকিপূর্ণ বসবাস করছেন। এমনকি আবাসন আশ্রয়নসহ বিভিন্নভাবে পুনর্বাসনের জন্য করা পল্লীতে বসবাস করা দরিদ্র পরিবারের মানুষগুলোর ওই ঘরগুলো এখন জীর্ণদশায় পৌছেছে। শত শত পরিবার ফের আশ্রয়হারা হয়ে পড়েছে। যারা এখনো আছেন তারাও শঙ্কায় পড়েছেন বসতঘর নিয়ে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :