চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে শ্রমিকদল নেতা নিহত

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১১:০১:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১১:০১:৫০ পূর্বাহ্ন
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল মান্নান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাঙ্গুনিয়া পশ্চিম সরফভাটার এলাকার নাজের আহমদের ছেলে এবং সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে পূর্ব সরফভাটা এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আব্দুল মান্নানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম সাব্বির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :