​জাল দলিলে ৩০ কোটি টাকার খাসজমি হাতিয়ে নেওয়ার চেষ্টা, রেস্তরাঁ ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৬:৫৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৬:৫৪:৪১ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় জাল দলিলের মাধ্যমে কুয়াকাটার দুই একর খাস জমির নামজারি করাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কুয়াকাটা পৌরসভার নবীনপুর মহল্লার আলমগীর হাওলাদার (৪৫)। তাকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কলাপাড়া ভূমি অফিস থেকে পাকড়াও করে কলাপাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। 

এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে একটি মামলা দাখিল করেছেন। আলমগীর হাওলাদার বর্তমানে থানা হাজতে রয়েছে। স্থানীয়রা জানান, ওই জমির মূল্য অন্তত ৩০ কোটি টাকা। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২০ সালের পহেলা অক্টোবরের নির্দেশনায় আশ্রয়ন-২ প্রকল্পের স্মারকে মুজিববর্ষের ২ শতক খাস জমি বন্দোবস্ত দেওয়ার কাগজপত্রের রেফারেন্সে এ ভুয়া কাগজপত্র তৈরি করা হয়। আলমগীর হোসেন কুয়াকাটার একজন প্রভাবশালী রেস্তরাঁ মালিক।

মামলার বিবরণে বলা হয়েছে, আসামি আলমগীর হাওলাদার ২২১৬/২০২৫-২৬ নামজারি কেসে একটি আবেদন করেন। যেখানে কুয়াকাটা মৌজার এক নং খাস খতিয়ানের ২১০৪, ২১০৫ ও ২১১১ দাগের দুই একর জমি জালিযাতির মাধ্যমে দলিল তৈরি করে নামজারি করাতে আসেন। বিষয়টি সহকারী কমিনার (ভূমি) ইয়াসীন সাদেকের দৃষ্টিগোচর হলে তিনি তাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেন। ওই জমি প্রাপ্তির যে কেস দেখানো হয়েছে (২৮ খে/৮৭-৮৮) তার কোন অস্তিত্ব এই অফিসে নেই। ধৃত আলমগীর হোসেন কুয়াকাটার নবীনপুরের মৃত আব্দুল খালেকের ছেলে। ইতোপূর্বে ওই কেসের সৃজিত দলিলপত্র দুর্নীতি দমন কমিশন দুদক জব্দ করেছে।

সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসীন সাদেক আরো জানান, এই ব্যক্তি ভূমি জালিয়াত চক্রের হোতা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, আলমগীর হাওলাদরের বিরুদ্ধে মামলা হচ্ছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :