​ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০১:০৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০১:০৩:৪৭ অপরাহ্ন
ভারতের তেলেঙ্গানা রাজ্যের শেভেলা মন্ডলে সোমবার (৩ নভেম্বর) সকালে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, একটি ট্রাক উল্টো দিক দিয়ে এসে যাত্রীবাহী বাসটিতে সজোরে ধাক্কা মারে। বাসটিতে তখন প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পরই বহু যাত্রী মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। সাধারণ মানুষ ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাত্র দুই দিনের ব্যবধানে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় ভারতে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (১ নভেম্বর) ভোরে রাজস্থানের ফালৌদি জেলার মতোদা গ্রামে ভারত মালা মহাসড়কে একটি ট্রেলারের সঙ্গে বাসের সংঘর্ষে ১৮ জন নিহত হন। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা ছিলেন এবং তারা বিকানার জেলার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফিরছিলেন।

রাজ্য পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছিল, এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :