​জামায়াত ও শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে : রিজভী

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:১৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:৪৮:৪৭ অপরাহ্ন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছেন। শেখ হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে, জনপদ রক্তাক্ত করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।

সমাজবিরোধীরা দলে যোগ দিতে না পারলে, ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে চলে আসবে মন্তব্য করে তিনি বলেন, যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে, নদীর বালি বা অন্যের জমি দখল করে— তারা বিএনপির সদস্য হতে পারবে না। সমাজের সজ্জন মানুষ, ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, স্কুল–কলেজের শিক্ষক, কৃষক— প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, সহ–স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য ফেরদৌস আহমেদ খোকন, আকরামুল হাসান মিন্টু, ইকবাল হাসান শ্যামল, রাশেদ ইকবাল খান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, আবু সালেহ্ চৌধুরী, হারুন-অর রশিদ প্রমুখ। 

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :