​লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা ফেরানোর দাবি শিক্ষকদের

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০১:৩৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০১:৪৯:৪৫ অপরাহ্ন
দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তি এখন ডিজিটাল লটারি পদ্ধতির মাধ্যমে হয়ে আসছে। তবে এবার শুধু অভিভাবকরা নয়, সরকারি স্কুলের শিক্ষকরাও লটারির পরিবর্তে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন।

শিক্ষকরা তাদের লিখিত দাবিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের কাছে পাঠিয়েছেন। আবেদনে লটারির মাধ্যমে ভর্তির ফলে শিক্ষার্থীদের ভবিষ্যতে অনিশ্চয়তা তৈরি হওয়া এবং অভিভাবকদের উদ্বেগ বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র পক্ষ থেকে এ আবেদন করা হয়। এতে সমিতির আহ্বায়ক এ কে এম আজাদ ও সদস্যসচিব মো. আব্দুল মূবীন স্বাক্ষর করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, ‘বিগত সরকারের আমলে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য চালু করা লটারি পদ্ধতি ২০২৬ সালেও বিদ্যমান রয়েছে। দেশের বিভিন্ন জেলায় অভিভাবক ও শিক্ষার্থীরা লটারির বিপক্ষে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এই পদ্ধতিই শিক্ষার্থীদের ভবিষ্যতের শিক্ষাজীবন ধ্বংসের জন্য দায়ী।’

শিক্ষকরা আরও বলেছেন, ‘ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে লটারির বদলে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা পুনর্বহাল করা জরুরি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে নিশ্চয়তা ও অভিভাবকদের উদ্বেগ লাঘবে এটি অপরিহার্য।’

সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যসচিব আব্দুল মূবীন বলেন, ‘অভিভাবকদের উদ্বেগ ও দাবির পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছি। আশা করছি, মন্ত্রণালয় শিক্ষকদের এ পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করবে।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :