​উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল শুরু

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৫:০৬:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:০১:৩৪ অপরাহ্ন
রাজধানীতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও সেকশনে মেট্রোরেলের চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বেলা ৩টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় আপাতত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা যাচ্ছে না। তবে আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, যন্ত্রপাতি না এলে এটা মেরামত করা যাচ্ছে না। এ অবস্থায় এই অংশে মেট্রোরেল আপাতত চালু করা সম্ভব না। তবে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সেটা চালু করতে পারব বলে জানান তিনি।

এদিকে, বেলা ৩টার কিছু পরে  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখানে তিনি বলেন, মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। বাকি অংশ চালু করতে একটু সময় লাগবে। কারণ, ক্রেন আসতে হবে। আবার দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য মেরামতের পর পরীক্ষা করতে হবে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় আবুল কালাম আজাদ (৪৫) নামে এক পথচারী নিহত হন। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে। দুর্ঘটনার পরই পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, বড় সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা কাঠামোর ভারসাম্য রক্ষা করে। এর প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :