​বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি : আইন উপদেষ্টা

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৪:১১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৬:০০:০১ অপরাহ্ন
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, দলটি অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা রাখে, সেই দাবি করেছে। 

বুধবার (২২ অক্টোবর) সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির সঙ্গে আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি উঠে এসেছে। এখন তো অন্তর্বর্তী সরকার। তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য কী? তাহলে কী হতে যাচ্ছে? এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আমি বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেটা বলেছেন। তারা আমাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা চেয়েছেন। আমরা ওনাদের বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য এমনকি প্রধান উপদেষ্টা এই নিশ্চয়তাও দিয়েছেন- জনপ্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন।

তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়, এটা বলেনি। বলেছে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে। আমাদের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে। সে বিষয়ে তাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

তবে কি নির্বাচনের সময় এই উপদেষ্টা পরিষদ ছোট হবে- জানতে চাইলে আসিফ নজরুল বলেন, এ ধরনের কথা কোথাও আলোচনা হয়নি। এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়। নির্বাচনকালীন সরকার ছোট হবে কি না এ ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপন হয়নি।

দলীয় কেউ থাকলে তিনি যেন অন্তর্বর্তী সরকারের না থাকেন, সে বিষয়ে বিএনপি বলেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, সেটা তো ওনারা এর আগেও বলেছেন।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব আরও ক্লোজলি মনিটর (নিবিড় তদারকি) করবেন সেটা বলেছেন।

একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে- তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, আমি এ ব্যাপারে কমেন্ট করার মতো জায়গায় নেই। আমি জনপ্রশাসনের দায়িত্বে নেই।

জনপ্রশাসনের নিয়োগ-বদলি দলীয়ভাবে হয়, সেজন্য কি এই (প্রধান উপদেষ্টার নিবিড় তদারকি) প্রসঙ্গটি এসেছে? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, না, আমরা মনে করি না দলীয়ভাবে হয়।

আইন উপদেষ্টা বলেন, আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে। একদল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে এই দলের লোক আছে। যেহেতু সবদলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :