​স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপস নয় : ডা. জাহিদ

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৩:২৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:২৫:৫৯ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না। আমাদের নেতাও করে নাই। আমরা আত্মসমর্পণকারীদের দলেও নেই, আমরা স্বাধীনতার বিপক্ষেও ছিলাম না। আমাদের নেতা যেমন সব সময় জনগণের পক্ষে ছিল, এখনো আছে। বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, থাকবে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে আর সি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় সুধী সমাজ ব্যবসায়ী শ্রমজীবী ও মহিলাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যাদের জনগণের কাছে যাওয়ার উপায় নেই, জনগণ তাদেরকে ঠিকভাবে গ্রহণ করছে না। এসব দেখে তারা আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই নির্বাচনকে বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারও নেই। যেকোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে। কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না, জয়যুক্ত হবে ঐক্যবদ্ধ জনগণ।

তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং বিএনপিকে ধানের শীষে ভোট দিতে সকলকে আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র আহবায়ক আনিসুর রহমান, মহিলা সংগঠনের আহবায়ক  মোছাঃ  ইসতেহারা বেগম, ব্যবসায়ী সংগঠনের গোলাম কুদ্দুস। বক্তারা আগামী সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসনে এ জেড এম জাহিদ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। 

ডা. জাহিদ হোসেন পরে কাদিম নগর সার্বজনীন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় সেখানে বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :